পুরুলিয়ায় ৪২ বছরে পা দিল D.S.K রৗস্কৗ মহল গাঁওতা (ক্লাব)-এর ঐতিহ্যবাহী গায়ান হেপরাও! আগামী ১৬ জুন বসছে সাঁওতালি নাটকের বিশাল আসর।

 

নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: দৈনন্দিন জীবনের হাড়ভাঙা খাটুনি আর ক্লান্তির মাঝে একটু মুক্তির শ্বাস খুঁজতে মানুষ বারবার ফিরে যায় তার নিজস্ব শিকড় ও সংস্কৃতির কাছে। আদিবাসী সমাজেও এর ব্যতিক্রম নেই। ঐতিহ্যবাহী দং, লাগড়ে, বাহা, সহরায় কিংবা পাতা ছাতার মতো উৎসবগুলোই তাঁদের জীবনের অন্যতম মূল চালিকাশক্তি। আর সেই আনন্দ ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই আগামী ১৬ই জুন, ২০২৬ (১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ) মঙ্গলবার, পুরুলিয়া জেলায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশাল 'মিৎ ঞিদৗ গায়ান হেপরাও' বা একরাত্রির সাঁওতালি নাটক প্রতিযোগিতা।


আয়োজক ও স্থান: ভেলাগোড়া পাতা লেসাড় হেৎতে ৪২ বছর (পুন গেল বার সেৰ্মা) পূর্তি উপলক্ষে এই মেগা ইভেন্টের আয়োজন করেছে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের 'D.S.K রৗস্কৗ মহল গাঁওতা'। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুঞ্চার গোপালপুর সংলগ্ন সগেডি ফুটবল ময়দানে (বল এনেচ ডাহি) এই প্রতিযোগিতার আসর বসবে।



অংশগ্রহণকারী দল ও নাটকের বিবরণ: দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই প্রতিযোগিতায় এ বছর বিভিন্ন জেলা থেকে নামিদামি সাঁওতালি নাট্যদলগুলি অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় যে ছ'টি দল মঞ্চ কাঁপাতে আসছে, তারা হলো:


  • আদিবাসী আশ্রম গায়ান গাঁড় (হিড়বাঁধ, বাঁকুড়া) – পরিবেশন করবে নাটক "চিকি"
  • আদিম খেরওয়াল রুসিকা গায়ান মহল (বসন্তপুর, বোরো, পুরুলিয়া) – পরিবেশন করবে নাটক "হেঁন্দে রিমিল"
  • রিলৗ মালা গায়ান গাঁওতা (মরন্ডি, সাতুড়ি, পুরুলিয়া) – পরিবেশন করবে নাটক "আকিল ডাহার"
  • লাকচার আরজাও মহল ড্রামাটিক ক্লাব (ধুলিয়াপাড়া, পুঞ্চা, পুরুলিয়া) – পরিবেশন করবে নাটক "শাসেং"
  • মান দিশম S.S ড্রামাটিক ক্লাব (ঝগড়াড়ি, বোরো, পুরুলিয়া) – পরিবেশন করবে নাটক "পেঁড়া"
  • বিদু চাঁদান উয়হৗর গাঁওতা (ডুডরুডি, কুইলাপাল, পুরুলিয়া) – পরিবেশন করবে নাটক "বাপলা কাতে ইঁ বাঞ বাতাওয়া"

কঠোর নিয়মনীতি ও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা: নিছক বিনোদন নয়, সমাজ সংস্কার এবং অনুষ্ঠানের শৃঙ্খলার দিকেও কড়া নজর রেখেছেন আয়োজকরা। D.S.K রৗস্কৗ মহল গাঁওতা-র পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে— নাটক প্রাঙ্গণে মদ্যপান এবং বিক্রি (পিলচু রাসা কিরিঞ আখরিঞ) সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

পাশাপাশি, মেলায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আগত দর্শকরা নিশ্চিন্তে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, তার জন্য পুরুলিয়া জেলা পুলিশ ও পুঞ্চা থানার প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুঞ্চা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার দিন শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনুষ্ঠান প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে।


আয়োজকদের বক্তব্য: সংগঠনের সভাপতি শিবনাথ সরেন এবং সম্পাদক সুনীল চন্দ্র হাঁসদা জানান, "কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে মানুষের মনে আনন্দ ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রশাসনিক সহযোগিতায় এই মেলা আরও সুন্দর হয়ে উঠবে। আমরা চাই নির্দিষ্ট দিনে দূর-দূরান্ত থেকে মানুষ দলে দলে এসে এই গায়ান হেপরাও উপভোগ করুন এবং আমাদের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।"


আগামী মঙ্গলবার সগেডি ফুটবল ময়দানে দর্শকদের উপচে পড়া ভিড় হবে এবং অত্যন্ত শৃঙ্খলার সাথেই মেলা সম্পন্ন হবে বলেই আশাবাদী আয়োজক কমিটি ও প্রশাসন।

Post a Comment

নবীনতর পূর্বতন